প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক থাকলে যে কোন সমস্যার সমাধান সহজতর হয় : সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক ।।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ভালো থাকলে অর্থনৈতিক উন্নয়নসহ যে কোন সমস্যার সমাধান সহজতর হয়।
আজ সোমবার(১২ অক্টোব) সচিবালয়স্থ কার্যালয়ে বাংলাদেশে নব-নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, একুশ বছর দু’দেশের মধ্যে সম্পর্কের যে কৃত্রিম দেয়াল ছিল তা এখন আর নেই। বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন দুই প্রধানমন্ত্রীর আন্তরিক উদ্যোগে নতুন উচ্চতায় উন্নীত হয়েছে।
তিনি বলেন ,বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক। তিস্তার পানিবন্টনসহ অভিন্ন নদীর পানি বন্টন গুরুত্বপূর্ণ ইস্যু উল্লেখ করে দু’দেশ আলোচনার মাধ্যমে এ বিষয়টি সম্মানজনকভাবে সমাধান করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
