মোংলায় চিহ্নিত মাদক ব্যাবসায়ী ও মাদক মামলার আসামীকে আটক করেছে পুলিশ

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের মোংলায় চিহ্নিত মাদক ব্যাবসায়ী ও একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী শহীদ ওরফে মগা শহীদ (৪০) কে আটক  করেছে মোংলা থানা পুলিশ।

মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী জানান, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১২অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরতলীর সিগনাল টাওয়ার এলাকায় অভিযান চালায় এসআই অমিত কুমার বিশ্বাস সহ পুলিশ সদস্যরা। এ সময় ওই এলাকায় থাকা মাদক ব্যাবসায়ী ও মাদকের মামলার ওয়ারেন্টভুক্ত আসামী শহীদ পুলিশকে দেখামাত্র দৌঁড়ে গিয়ে পাশ্ববর্তি পশুর নদীতে ঝাঁপ দেয়। পুলিশও নদীতে ঝাঁপিয়ে পড়ে তাকে আটক করে। এ সময় মাদক ব্যবসায়ী শহিদ ও পুলিশের এসআই অমিতও আহত হন।

শহীদকে আটকের পর রাতেই মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। চিকিৎসা নিয়েছেন পুলিশ কর্মকতা অমিত কুমার বিশ্বাসও।

শহীদ ওরফে মগা শহীদ মোংলা পৌরসভার ৯ নং ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকার মান্নান হাওলাদারের ছেলে।

ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, শহীদ এলাকার একজন চিহ্নিত মাদককারবারী। তার বিরুদ্ধে থানায় তিনটি মাদক মামলার ওয়ারেন্টও রয়েছে। আটককৃত শহীদ কে মঙ্গলবার সকালে বাগেরহাট জেলহাজতে প্রেরণ করা হবে।

তিনি আরো বলেন, মোংলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের অংশ হিসেবে ইতিমধ্যে বেশ কিছু পরিমাণ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য উদ্ধারসহ কয়েকজন ব্যবসায়ীকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক ব্যবসা ও সেবনকারীদের দৌরাত্ম বন্ধে পুলিশকে সহায়তা করার জন্য তিনি সমাজের সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আহবাণ জানিয়েছেন।