স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আইনের অসামঞ্জস্য দূর করতে কমিশন গঠন

বিশেষ প্রতিনিধি।।
সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের পৃথক পৃথক আইনগুলোর মধ্যে অসামঞ্জস্য থাকায় সবগুলো আইনের সমন্বয় করতে একটি কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
আজ শনিবার ( ১৭ অক্টোবর) কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা জানান।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্থানীয় সরকার বিভাগের অধীনে থাকা এই পাঁচটি প্রতিষ্ঠানের আইনগুলোকে সমন্বয় ও সংশোধন করে নতুন করে প্রণয়ন করা হচ্ছে।
জেলার জনপ্রতিনিধি, সরকারি-কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত সভায় তিনি জানান,স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী, যুগোপযোগী এবং জনকল্যাণমুখী করতে প্রয়োজনীয় আইন প্রণয়ন করায় এই কমিশনের লক্ষ।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, রূপকল্প-২০২১ এবং ২০৪১ সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত-সমৃদ্ধ করতে যে পথ নকশা প্রণয়ন করেছেন তা বাস্তবায়ন করতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাদের নিবিড় সম্পর্ক বজায় রেখে কাজ করতে হবে।
জেলা প্রশাসকের আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
এসময়, স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সুপার, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
