সান্তাহারে খাদ্য বান্ধবের সাড়ে ৫ হাজার কেজি চাল নিয়ে ধোঁয়াশা

হাবিব শিমুল,আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি ।।

বগুড়ার সান্তাহারে ১০ টাকা কেজি’র (খাদ্য বান্ধব কর্মসূচি) সাড়ে ৫ হাজার কেজি চাল নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ১৪ অক্টোবর বুধবার ভোর রাতে সান্তাহার ইউনিয়নের হেলালিয়া বাজারের ডিলার বেলাল হোসেনের ডিলারীর দোকান থেকে প্লাস্টিক বস্তায় করে চাল পাচার করার সময় স্থানীয় জনতা ১৫ বস্তা চালসহ একটি ইজিবাইক ধরে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালসহ ওই বাহন আটক করে থানায় নিয়ে যায়। পরে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিনের নির্দেশে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক ডিলারের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় প্লাস্টিকের বস্তায় আরো ১৫ বস্তা এবং সরকারি সীমমোহর যুক্ত ২৩৪ বস্তা চাল জব্দ করেন। এর প্রেক্ষিতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে ওই দিন রাতে আদমদীঘি থানায় মামলা করেন।

এদিকে ঘটনার আগের দিন মঙ্গলবার ডিলার বেলাল হোসেন তার পূর্বের মামলার হাজিরা দিতে সকালে বগুড়া আদালতে যান। যাবার পূর্বে ট্যাগ অফিসারকে মোবাইল ফোনে জানান যে, তিনি চাল বিতরণ করবেন না, ছুটির আবেদন করেছেন। আপনার আসার প্রয়োজন নাই। এমতাবস্থায় বুধবার ডিলারের দোকান থেকে চাল পাচারের সময় আটক, ভ্রাম্যমান আদালত পরিচালনা, চাল জব্দ এবং মামলা হয়। কিন্তু ডিলার সেই মঙ্গলবার ১৮০ জন কার্ডধারীর মাঝে চাল বিতরণ করেছেন মর্মে খাদ্য নিয়ন্ত্রকের নিকট ট্যাগ অফিসারের স্বাক্ষর বিহীন মাস্টার রোল দিয়েছেন। ডিলার ও ট্যাগ অফিসারের উপস্থিতি ছাড়া কার নির্দেশে কে চাল বিতরণ করলেন সেটা নিয়ে সচেতন মহলে নানান প্রশ্ন দেখা দিয়েছে।

অপর দিকে, সোমবার ২৫০ জন কার্ডধারীর নিকট চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবারের বিতরণ সঠিক হলে দুই দিনে মোট বিতরণ সংখ্যা ৪৩০ বস্তা। ডিলার সরকারি গুদাম থেকে উত্তোলন করেছেন ৬৭০ বস্তা। সে হিসাবে তার দোকানে অবিক্রিত চালের মজুত থাকার কথা ২৪০ বস্তা। কিন্তু ভ্যাম্যমান আদালত পেয়েছেন ২৩৪ বস্তা। অবশিষ্ট ৬ বস্তা চালের হিসাব কেউ মেলাতে পারছেন না।

এ ব্যাপারে মোবাইল ফোনে সংবাদকর্মী যোগাযোগ করলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুমার কুন্ডু সদুত্তোর দিতে পারেন নি। ট্যাগ অফিসার কামরুল আহসান কাঞ্চন দৃঢ় ভাবে জানান, ডিলার মঙ্গলবার চাল বিতরণ করবেন না বলে জানিয়েছেন। এ কারনে আমি এ দিনের তথাকথিত বিতরণ মাস্টার রোলে স্বাক্ষর করি নি। ফলে এই ১৮০ বস্তা এবং মজুত ঘাটতি ৬ বস্তা মোট ১৮৬ বস্তায় ৫ হাজার ৫৮০ কেজি চাল নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল। ডিলার বেলাল হোসেনের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিয়েও সংযোগ মেলে নি।