মন্ত্রিসভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনের খসড়া অনুমোদিত

অনলাইন ডেস্ক ।।

রবিবার(২৫ অক্টোবর)মন্ত্রিসভায় ধর্ষণের অপরাধে মৃত্যুদন্ডের বিধান রেখে কিছু দিন আগে রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশের পরিবর্তে ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ (সংশোধন) আইন, ২০২০’ আইনের খসড়া অনুমোদন করেছে।

মন্ত্রী পরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ (সংশোধন) আইন, ২০২০’, ’র খসড়া যা অধ্যাদেশ আকারে ১৪ অক্টোবর অনুমোদিত হয়েছিল জাতীয় সংসদের পরবর্তী বিশেষ অধিবেশনে তা উত্থাপিত হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যোগদান করেন এবং একই সময়ে মন্ত্রী ও সচিবগণ বাংলাদেশ সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় সংযুক্ত হন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রধানত আইন-শৃঙ্খলা রক্ষা করতেই এটা করা হয়েছে। যেহেতু অধ্যাদেশ আকারেই একটি আইন জারি করা হয়ে থাকে। জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে বিল আকারে এটি উত্থাপিত হবে। একই সঙ্গে খসড়া আইনটিও অনুমোদিত হয়েছে।’

মুজিববর্ষ উপলক্ষে আগামী ৮ নভেম্বর জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, এই খসড়া আইনে ধর্ষকদের জন্য শাস্তির বিধান ও অন্যান্য শাস্তি একই রয়েছে এবং তা অধ্যাদেশেও ছিল। কিন্তু আইন পাসের সঙ্গে সঙ্গে অধ্যাদেশটি বাতিল হয়ে যাবে।বাসস