ইলেকটোরাল ভোটে ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন

অনলাইন ডেস্ক ।।
শেষ হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছে সারাবিশ্ব।বাংলাদেশ সময় সকাল ৯টায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। বুথ ফেরত জরিপে জো বাইডেন ইলেকটোরাল কলেজ ভোটে ৮৯টিতে এগিয়ে আছেন। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এগিয়ে আছেন ৭২টিতে।
তবে যে কয়টি সুইংস্টেট ফল নির্ধারণ করে থাকে তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ ফ্লোরিডায় এখন পর্যন্ত এগিয়ে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে জর্জিয়া, নর্থ ক্যারোলিনা,অ্যারিজোনা, ওহিওর মতো সুইংস্টেটগুলো থেকে সবেমাত্র ফল আসা শুরু হয়েছে। রক্ষণশীলদের রাজ্য হিসেবে পরিচিত আলাবামা, ইন্ডিয়ানা, কেন্টাকি এবং টেনেসিতে জয় পেতে চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে ডেমোক্রেটপন্থি ম্যাসাচুসেটস, ভারমন্ট এবং ভার্জিনিয়ায় জয় পেতে চলেছেন জো বাইডেন।
তবে ইলেকটোরাল ভোটে পিছিয়ে থাকলেও জনগণের ভোট এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এখন পর্যন্ত ভোট পেয়েছেন ২ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ৫৭২টি ভোট। এদিকে, বাইডেনকে ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৬৫৯ জন ভোটার।
যুক্তরাষ্ট্রে ইলেকটোরাল মোট ভোটের সংখ্যা ৫৩৮। মাইন ও নেব্রাসকা এই দুটো অঙ্গরাজ্য বাদে বাকি সবগুলো রাজ্যের ইলেকটোরাল ভোট যোগ দিলে যে প্রার্থী ২৭০টি বা তারও বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
