আইসিসির নতুন চেয়ারম্যান গ্রেগ বার্কলে

অনলাইন ডেস্ক ।।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) সাবেক প্রধান গ্রেগ বার্কলে।

চেয়ারম্যান নির্বাচনে ভোটিং হয়েছে দুইবার। প্রথমবার ১০ ভোট পেয়েছিলেন বার্কলে কিন্তু নিয়ম অনুযায়ী নির্বাচিত হওয়ার জন্য দরকার ছিল ১১টি ভোট। দ্বিতীয় দফায় ভোটাভুটির পর সাউথ আফ্রিকার সমর্থন নিজের পক্ষে টেনে ১১ ভোট নিশ্চিত করেছেন বার্কলে।

আইসিসির নিয়ম অনুযায়ী ১৬ দেশের ভোট থেকে আইসিসি প্রধান হতে অন্তত ১১ ভোট লাগবেই। সাউথ আফ্রিকার ভোট পাওয়ার পর সেটি নিশ্চিত হয়েছে, এরপরই বিজয়ী ঘোষণা করা হয় বার্কলেকে।

বার্কলের বিপক্ষে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন পাকিস্তানের ইমরান খাজা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই গত জুলাইয়ের ১ তারিখ টানা দুই মেয়াদে দায়িত্ব পালন শেষে আইসিসি’র চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান শশাঙ্ক মনোহর। এরপর থেকেই প্রায় চার মাস ধরে খালি রয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার প্রধানের পদ। যদিও নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থার অন্তবর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন ডেপুটি ইমরান খাজা।