নাইজেরিয়ায় ১১০ কৃষককে হাত-পা বেঁধে ‘জবাই’

অনলাইন ডেস্ক ।।
নাইজেরিয়ার ধানক্ষেতে কাজ করার সময় অতর্কিত হামলা চালিয়ে অন্তত ১১০ কৃষককে হত্যা করা হয়েছে। মোটরসাইকেলে করে এসে জঙ্গিরা কৃষকদের হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে। এটিকে বেসামরিক লোকজনের ওপর ২০২০ সালের সবচেয়ে বড় নৃশংস হামলা হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘ। খবর আলজাজিরার।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্ন রাজ্যের মাইদুগুরি শহরের কাছে কোশোবো ও আশপাশের এলাকায় স্থানীয় সময় শনিবার বিকালে এ হত্যাকাণ্ড ঘটে।
প্রাথমিকভাবে ওই বর্বর হামলায় ৪৩ জনের নিহত হওয়ার কথা বলা হলেও পরে কমপক্ষে ৭০ জনের মৃত্যুর কথা জানানোর পর এক বিবৃতিতে এডওয়ার্ড ক্যালন বলেন, এ ঘটনায় ‘অন্ততপক্ষে ১১০ জন বেসামরিক নাগরিককে নির্মমভাবে হত্যা করা হয় এবং আরো অনেকে আহত হয়েছে।’
নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, নির্বোধ এই হত্যাকাণ্ডে পুরো দেশ আহত হয়েছে।
নাইজেরিয়া জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়ক অ্যাডওয়ার্ড ক্যালন বলেন, বেসামরিক নারী-পুরুষরা ক্ষেতে কৃষিকাজ করছিল। এ সময় সশস্ত্র বাহিনী মোটরসাইকেলে করে এসে হামলা চালায়। এতে অন্তত ১১০ বেসামরিক নারী-পুরুষ হত্যার শিকার হন। এ সময় বেশ কয়েকজন নারীকে তুলে নিয়ে গেছে জঙ্গিরা।
