ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শক জ্যাক ক্যালিস

অনলাইন ডেস্ক ।।
আগামী মাসে ইংল্যান্ড ক্রিকেট দলের শ্রীলঙ্কায় টেস্ট সিরিজকে সামনে রেখে জ্যাক ক্যালিসকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। হেড কোচ ক্রিস সিলভারউডের সহকারি হিসেবে কাজ করবেন তিনি।
গত সপ্তাহে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ব্যাটিং, পেস ও স্পিন বোলিং কোচের নিয়োগ চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।
ক্যালিস ছাড়াও ইংল্যান্ডের এ সফরের কোচিং প্যানেলে থাকবেন সহকারি কোচ পল কলিংউড, উইকেটকিপার কোচিং উপদেষ্টা জেমস ফস্টার, ফিল্ডিং কোচ কার্ল হপকিনসন, বোলিং কোচ জন লুইস ও স্পিন বোলিং কোচিং উপদেষ্টা জিতান প্যাটেল।
তবে দক্ষিণ আফ্রিকার সাবেক এই অলরাউন্ডারকে শুধুমাত্র পরামর্শক হিসেবেই নেওয়া হয়েছে। যেখানে গত গ্রীষ্মে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে জোনাথন ট্রটকে ও দক্ষিণ আফ্রিকায় সাদা বলের ক্রিকেটের জন্য মার্কাস ট্রেসকথিককে নেওয়া হয়েছিল।

ক্রিকেট থেকে অবসরে গিয়ে কোচিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন ক্যালিস। দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা এই তারকা অলরাউন্ডারকে ২০১৫ সালে প্রধান কোচের দায়িত্ব দেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তারপর থেকে দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন ৪৫ বছর বয়সী এই সাবেক তারকা ক্রিকেটার।

আগামী ২ জানুয়ারি ইংলিশ দল হাম্বানটোটার উদ্দেশ্যে রওয়ানা দেবে। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি গলে শুরু হবে ১৪ জানুয়ারি।