ভরা বসন্ত দেবলীনা-গৌরবের জীবনে

বিনোদন ডেস্ক ।।

ডিসেম্বরের মাঝপথেই ভরা বসন্ত দেবলীনা-গৌরবের জীবনে। ব্যস্ত শিডিউল, শহুরে কোলাহল, ক্যামেরার ভিড়, এ সব কিছু ফেলে তাঁরা হারিয়ে গেছেন পাহাড়ের দেশে। দার্জিলিঙে।

রবিবার সকালে নস্টালজিয়ায় ভাসলেন গৌরব। দেবলীনাকে নিজের স্কুল দেখানোর ইচ্ছা ছিল বহুদিনের। মধুচন্দ্রিমায় এসে অবশেষে ইচ্ছেপূরণ হল গৌরবের। সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করে দেবলীনা শেয়ার করলেন তাঁর ইনস্টাগ্রাম পেজে। দার্জিলিঙের সেন্ট পলস স্কুলের সামনে দাঁড়িয়ে ছবি তুললেন নবদম্পতি। ক্যাপশনে দেবলীনা লিখলেন, ‘যখন থেকে আমাদের সম্পর্ক শুরু হয়েছে, তখন থেকে গৌরব আমাকে এই জায়গাটি দেখাতে চেয়েছিল। গতকাল শেষমেশ ইচ্ছেপূরণ হল। গৌরবের হাসি যেন থামছিলই না ’।

দেবলীনা জানিয়েছিলেন, তাঁর ছবির শ্যুটের কারণে ভেস্তে গিয়েছিল দার্জিলিং যাওয়ার প্ল্যান। তবে শেষমেশ ইচ্ছেপূরণ হল তাঁরও। নির্ধারিত দিনেই ভালবাসার মানুষের সঙ্গে পা রাখলেন শৈলশহরে।

তিন রকম মতেই বিয়ে করেন গৌরব দেবলীনা। ৯ ডিসেম্বর হিন্দু মতে বিয়ে সারেন তাঁরা। ১৩ ডিসেম্বর ইসলাম মতে ফের বিয়ে হয় তাঁদের। গত মঙ্গলবার বাইপাসের ধারে পি সি চন্দ্র গার্ডেনে রিসেপশন হল টলিউডের এই বহুল চর্চিত দম্পতির। সে দিনই খ্রিস্টান মতেও বিয়ে হয় তাঁদের। নবদম্পতির আনন্দে শামিল হয়েছিল গোটা টলিউড।