ভারতের বোলিং তোপে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক ।।
ভারতীয় বোলারদের দাপটে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বক্সিং ডে টেস্টের প্রথম দিনে নিজেদের প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। বুমরাহ-অশ্বিনের বোলিং তোপে মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৯৫ রানেই অলআউট অস্ট্রেলিয়া।
টস জিতে ব্যাট করতে নেমে প্রত্যাশিত শুরু হয়নি অস্ট্রেলিয়ার। কোন রান না করে দলীয় ১০ রানে আউট হন ওপেনার জো বার্নস। ম্যাথু ওয়েড দ্রুত রান তুললেও টিকতে পারেনি বেশিক্ষণ। তিনি করেন ৩০ রান। এরপর দলীয় ৩৮ রানে স্টিভ স্মিথ শূন্য রানে ফিরে গেলে চাপে পড়ে অজিরা। চতুর্থ উইকেটে ট্রাভিস হেডকে সঙ্গে নিয়ে ৮৬ রানের জুটি গড়ে সেই চাপ কিছুটা সামাল দেন মার্নাস লাবুশেইন। তাদের বিদায়ের পর বাকিরা হাল ধরতে ব্যর্থ হলে ১৯৫ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। সর্বোচ্চ ৪৮ রান আসে লাবুশেইনের ব্যাট থেকে। এছাড়া ট্রাভিস হেড ৩৮ ও ম্যাথু ওয়েড ৩০ রান করেছেন। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন ওপেনার জো বার্নস ও টেস্টের এক নম্বর ব্যাটসম্যান স্টিভ স্মিথ।
ভারতের পক্ষে পেসার জশপ্রিত বুমরাহ ৪টি ও স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৩টি করে উইকেট নিয়েছেন। এছাড়া অভিষিক্ত মোহাম্মদ সিরাজ নিয়েছেন ২টি উইকেট।
