উড়োজাহাজ ‘ধ্রুবতারা’র যাত্রা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সম্পূর্ণ নতুন ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ ‘ধ্রুবতারা’র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি-টু-জি ভিত্তিতে কেনা তিনটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজের মধ্যে প্রথমটির নাম হচ্ছে ‘ধ্রুবতারা’। প্রধানমন্ত্রী নিজে এই উড়োজাহাজের নাম রেখেছেন।
আজ রবিবার(২৭ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উড়োজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন।উদ্বোধনী অনুষ্ঠানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে অনুষ্ঠিত হয়। এসময় বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মাহাবুব আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গণভবন প্রান্তে অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আহমদ কায়কাউস।
এর আগে ২৪ নভেম্বর দেশে আসে বিমানটি। এটিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত করা হয়। বিমানটির নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাখেন ‘ধ্রুবতারা’। এ উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা এখন ১৯।
বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি-টু-জি ভিত্তিতে ক্রয়কৃত ৩টি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজের মধ্যে ১ম টি হচ্ছে ‘ধ্রুবতারা’। কানাডার প্রখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত, চুয়াত্তর আসন বিশিষ্ট ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজটি পরিবেশবান্ধব এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ।
নতুন এ উড়োজাহাজটি সংযোজিত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা এখন ১৯।এর মধ্যে ৪টি বোয়িং৭৭৭-৩০০ইআর, চারটি বোয়িং ৭৮৭-৮, দুটি বোয়িং ৭৮৭-৯, ছয়টি বোয়িং ৭৩৭ এবং তিনটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ।
