৪৩১ রানে থামল নিউজিল্যান্ড, উইলিয়ামসনের সেঞ্চুরি

অনলাইন ডেস্ক ।।

ডিসেম্বরেই হ্যামিল্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ভুগিয়েছেন কেইন উইলিয়ামসন। ওই ম্যাচে খেলেছিলেন ২৫১ রানের এক অসাধারণ ইনিংস। ক্যারিবীয়দের পর এবার পাকিস্তানের বিপক্ষেও মাউন্ট মঙ্গানুইর সবুজ গালিচায় নিজেকে মেলে ধরলেন নিউজিল্যান্ড অধিনায়ক। সবুজ ঘাসে ভরা উইকেটে তুলে নিয়েছেন আরো একটি সেঞ্চুরি। তার দৃঢ়তায় বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে ৪৩১ রানে থেমেছে নিউজিল্যান্ড।

গতকাল শনিবার (২৬ ডিসেম্বর) দুই ম্যাচ সিরিজের টেস্টে আগে ব্যাট করতে নেমে তিন উইকেটে ২২২ রান নিয়ে দিন শেষ করে নিউজিল্যান্ড। দিন শেষে ৯৪ রানে অপরাজিত ছিলেন উইলিয়ামসন ও ৪৩ রানে ছিলেন হেনরি নিকোলস।

আজ রবিবার(২৭ ডিসেম্বর) ৯৪ রানে দিন শুরু করা উইলিয়ামসন অল্প সময়ের মধ্যই তুলে নেন সেঞ্চুরি।ম্যাচের দ্বিতীয় দিনে কাঙ্ক্ষিত সেঞ্চুরি তুলে নেন নিউজিল্যান্ড অধিনায়ক। টেস্ট ক্যারিয়ারে এটি তার ২৩তম সেঞ্চুরি। শেষ অবধি ১২৯ রানে তিনি ফেরেন সাজঘরে। ইয়াসির শাহর বলে আউট হওয়ার আগে ২৯৭ বলের ইনিংসে তিনি বাউন্ডারি হাকান ১২টি, ছক্কা একটি।

অথচ গতকাল দিনের শুরুটা ছিল পাকিস্তানের দখলে।বল হাতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার শাহিন শাহ আফ্রিদি। তিন উইকেট নেন ইয়াসির শাহ। একটি করে উইকেট পান মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ ও ফাহিম আশরাফ।