ইতিহাসে প্রথমবারের মতো নারী সভাপতি পেল জাতীয় প্রেসক্লাব

বিশেষ প্রতিনিধি ।।
জাতীয় প্রেসক্লাবের নির্বাচনে ইতিহাস গড়েছেন দৈনিক ইত্তেফাকের ফরিদা ইয়াসমিন।জাতীয় প্রেসক্লাবের ২০২১-২২ মেয়াদে ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন।তাঁর এই জয়ে ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সভাপতি পেল জাতীয় প্রেসক্লাব।তিনি বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার(৩১ ডিসেম্বর) দিনভর ভোট গ্রহণ শেষে রাতে ১৭ সদস্যের কমিটির নির্বাচিতদের নাম ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি। এতে ‘মুক্তিযুদ্ধের চেতনার ফোরাম’ থেকে ফরিদা ইয়াসমিনসহ ১১ জন জয়ী হয়েছেন। আর বিএনপি-জামায়াতপন্থী প্যানেল থেকে ছয়জন জয়ী হয়েছেন।
আর নির্বাচনে নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশের ইলিয়াস খান।
সভাপতি পদে ফরিদা ইয়াসমিন ৫৮১ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াতপন্থী প্যানেলের প্রার্থী কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৩৯৫ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খান পেয়েছেন ৫৬৬ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী মুক্তিযুদ্ধের চেতনার ফোরামের প্রার্থী ওমর ফারুক পেয়েছেন ৩৯৩ ভোট।
সিনিয়র সহ-সভাপতি পদে হাসান হাফিজ ৪১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুল ইসলাম ভুঁইয়া পেয়েছেন ৩৬৭ ভোট।
সহ-সভাপতি পদে রেজোয়ানুল হক রাজা ৬১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী খন্দকার হাসনাত করিম পেয়েছেন ৩৪০ ভোট।
কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী ৭০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাউদ্দিন আহমাদ বাবলু পেয়েছেন ২৬৭ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাইনুল আলম ৫৭৭ ভোট এবং আশরাফ আলী ৩৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে যারা জিতেছেন :
আইয়ুব ভূঁইয়া, জাহিদুজ্জামান ফারুক, ভানুরঞ্জন চক্রবর্তী, রহমান মুস্তাফিজ, রেজানুর রহমান, শাহনাজ সিদ্দিকী সোমা, সৈয়দ আবদাল আহমদ, কাজী রওনাক হোসেন, বখতিয়ার রাণা ও শাহনাজ বেগম পলি।
এর আগে মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত চলে ভোট।
নির্বাচন পরিচালনা করে জ্যেষ্ঠ সাংবাদিক মো. মোস্তফা-ইজামিলের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি।
