ট্রাম্পকে আগুন নিয়ে খেলার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি ইরানের

শেখ আল মাসুদ,ইরান ।।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগুন নিয়ে খেলার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগুন নিয়ে খেললে কঠোর জবাব দেয়া হবে।

এরই মধ্যে ইরান কাশেম সোলাইমানি হত্যার প্রথম বর্ষপূর্তির প্রাক্কালে তার প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি বার্তা দিয়েছে।

এক টুইট বার্তায় জাভেদ জারিফ বলেছেন, ইরাক থেকে পাওয়া গোয়েন্দা তথ্য ইঙ্গিত দিচ্ছে যে, ইসরায়েল ইরাকে মার্কিন অবস্থানে এমনভাবে হামলা চালানোর ষড়যন্ত্র করছে যাতে তার দোষ ইরানের ঘাড়ে চাপিয়ে দিয়ে বিদায়ের ক্ষণে ট্রাম্পকে একটি বানোয়াট যুদ্ধে জড়ানো যায়।

মোহাম্মদ জাভেদ জারিফ গত বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের উসকানিমূলক তৎপরতার ব্যাপারে সতর্ক করে দিয়ে এক টুইট বার্তায় লিখেছিলেন, ‘ইরান যুদ্ধ না চাইলেও নিজের জনগণ, নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষা করতে এক মুহূর্তও দেরি করবে না।’