ওপার বাংলার নতুন ছবিতে জয়া আহসান

বিনোদন ডেস্ক ।।

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশীয় ছবির পাশাপাশি ওপার বাংলাতেও কাজ করে যাচ্ছেন নিয়মিত। প্রশংসিত হওয়ার পাশাপাশি পেয়েছেন সফলতাও। কাজ করেছেন নামি-দামি নির্মাতাদের সঙ্গে।

এবার জানা গেল, নতুন বছর ওপার বাংলার নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন জয়া আহসান। নির্মাতা সৌকর্য ঘোষালের ‘ওসিডি’ শিরোনামের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি এমন খবর প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকার বিনোদন সংস্করণ আনন্দপ্লাস। আর সে খবর জয়া শেয়ারও করেছেন তার ফেসবুকে।

বছরের প্রথম মাসে টলিউডের তরুণ পরিচালক সৌকর্য ঘোষালের নতুন ছবি ‘ওসিডি’ এর প্রধান চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জয়া। ১ ফেব্রুয়ারির থেকে ছবিটির টানা শুটিং হবে।আর শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই কলকাতা যাচ্ছেন জয়া। সাইকোলজিক্যাল ড্রামা ঘরানার এই ছবিতে জয়া ছাড়াও অভিনয় করবেন অনসূয়া মজুমদার, কৌশিক সেন, কণীনিকা বন্দোপ্যাধায়সহ অনেকে।

পরিচালক সৌকর্য জানান, তিনি এবং তার স্ত্রী পূজা যৌথভাবে তাদের সংস্থা ‘ইন্ডিজেনাস ফিল্মস’ থেকেই এই ছবি প্রযোজনা করছেন।

একই পরিচালকের ‘ভূতপুরী’ নামের আরেকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।

এছাড়া গত বছরের শেষের দিকে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত ‘নকশি কাঁথার জমিন’ ছবিতে শুটিং করেছিলেন জয়া।

Share this news as a Photo Card

23 January 2021

ওপার বাংলার নতুন ছবিতে জয়া আহসান

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে