রামগঞ্জ পৌরসভা নির্বাচনে সংঘর্ষ, গোলাগুলি, আহত ১০

মো: হোসেন চৌধুরী, ষ্টাপ রিপোটার ।।

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা নির্বাচনে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাজিরখীল বালুয়া চৌমুহনী ভোটকেন্দ্রের সামনের সড়কে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কৌশিক নামে এক পুলিশ সদস্য সহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন জিতুর ভাড়াটে সন্ত্রাসীরা এ ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুর রশিদ।

তবে অভিযোগ অস্বিকার করে আনোয়ার হোসেন জিতু বলেন, মামুনের লোকজন আমাদের মেরে গৃহবন্দী করে রেখেছে। আমার ছোট ভাই সোহেল গুরুতর আহত হয়ে চাটখীল হাসপাতালে ভর্তি রয়েছে। এসময় আইনশৃংখলা বাহিনীর সদস্যদের সহযোগিতা কামনা করেন তিনি।

আগে থেকেই কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করেছিল সংশ্লিষ্ট প্রশাসন। কেন্দ্র এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ফের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।

খবর পেয়ে জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান ও অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল কবিরসহ অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সূত্র জানায়, রামগঞ্জে ১৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৯টিই ঝূঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করা হয়েছে। এরমধ্যে পশ্চিম কাজীর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রও ছিল। সংঘর্ষ এড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ-বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী।