চাটখিলে বিএনপি’র মেয়র প্রার্থী’র ছেলে জুয়েল আটক

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল পৌরসভায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মোস্তফা কামালের ছেলে জুয়েল কে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।
আটককৃত, মাহবুবুর রহমান জুয়েল (৩২) নোয়াখালী জেলা যুবদলের সহ কোষাধ্যক্ষ, উপজেলার চাটখিল পৌরসভার ফতেহপুর গ্রামের বাসিন্দা এবং চাটখিল বাজারের একজন ব্যবসায়ী।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উপজেলার  চাটখিল বাজারের তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে নোয়াখালী  জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের একটি দল তাকে আটক করে।
জুয়েলের বাবা মেয়র প্রার্থী মোস্তফা কামাল অভিযোগ করেন, আমাকে নির্বাচনে হারানোর জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার ছেলেকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে। তিনি দাবি করেন, তার ছেলের বিরুদ্ধে কোন গ্রেফতারী পরোয়ানা নেই।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসাইন জানান,জুয়েলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে।  সেই আলোকে ডিবি পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।