ধর্ষণের শিকার নারীর ছবি অথবা পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা

সাজ্জাদ হোসেন চৌধুরী :
যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার জীবিত বা মৃত নারীর ছবি এবং পরিচয় গণমাধ্যমে প্রচার – প্রকাশ না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট । একইসঙ্গে ধর্ষণের শিকার নারীর ছবি ও পরিচয় প্রকাশ বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘােষণা করা হবে না , এই মর্মে রুল জারি করেছেন আদালত ।
এক রিটের শুনানি নিয়ে সােমবার ( ৮ মার্চ ) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন ।
মানবাধিকার সংগঠন ‘জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনে’র পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের করা রিটের শুনানি নিয়ে রুলসহ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন । রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ।
মাহফুজুর রহমান মিলন বলেন , নারী শিশু নির্যাতন দমন আইনে যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার নারীর ছবি এবং পরিচয় গণমাধ্যমে প্রকাশ না করার বিধান রয়েছে । তবে অনেকাংশে সে বিধানের বাস্তবায়ন লক্ষণীয় নয় । এমন বাস্তবতায় রিটটি করা হয় । গত ১৯ জানুয়ারি হাইকোর্টে রিটটি করা হয় । এতে বিবাদী করা হয় আইন সচিব , তথ্য সচিবসহ সংশ্লিষ্টদের ।
এ বিষয়ে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বলেন , সম্প্রতি ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া ইংলিশ মিডিয়াম স্কুলের এক শিক্ষার্থীর ছবি দেশের অধিকাংশ গণমাধ্যমে প্রকাশ করা হয় । এ ছবি প্রকাশের ঘটনা আমাদের ব্যথিত করে । তাই সংক্ষুব্ধ হয়ে রিট করেছিলাম । এর আগে একটি ইংরেজি দৈনিক ধর্ষণের শিকার এক শিশুর ছবি প্রকাশ করে । ওই ছবি প্রকাশে বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন এক আইনজীবী ।
রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আইনের সংস্পর্শে আসা কোনাে শিশুর ছবি বা পরিচয় প্রকাশের ওপর নিষেধাজ্ঞা দেন ।
