কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল গ্রেপ্তার

নোয়াখালি প্রতিনিধি ।।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার(১১ মার্চ) বিকেল সোয়া চারটার দিকে নোয়াখালীর প্রেসক্লাব এলাকার একটি চা–দোকানের সামনে থেকে তাঁকে একটি মাইক্রোবাসে করে তুলে নেওয়া হয়েছে। পরিবারের দাবি ছিল, সাদা পোশাকধারী ব্যক্তিরা তাঁকে তুলে নিয়ে যায়।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন বলেন, মিজানুরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, তা জানতে চাইলে তিনি বলেন, তা পরে ঠিক করা হবে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, মিজানুর রহমান কয়েকজন নেতা-কর্মীসহ প্রেসক্লাবের পশ্চিম পাশের রেডক্রিসেন্ট মার্কেটের একটি চা-দোকানে চা পান করছিলেন। এ সময় একটি কালো রঙের মাইক্রোবাস এসে সেখানে দাঁড়ায়। প্রায় এক মিনিট পর ওই মাইক্রোবাস থেকে কয়েকজন বের হয়ে মিজানুর রহমানকে তুলে নেয়। এরপর মাইক্রোবাসটি জেলা জজ আদালতের সড়ক হয়ে পশ্চিম দিকে শহরের মূল সড়কের দিকে চলে যায়।
গত ১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট বাজারে আবদুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদল সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০ ফেব্রুয়ারি রাতে তিনি মারা যান।
৯ মার্চ উপজেলার বসুরহাট পৌরসভা চত্বরে রাত ৯টার দিকে উভয় পক্ষের মধ্যে পুনরায় গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আলা উদ্দিন নামের যুবলীগের এক কর্মীও মারা যান।
