সোনাইমুড়ীতে মাদরাসা ছাত্রকে অপহরণের চেষ্টা, থানায় অভিযোগ

খোরশেদ আলম শিকদার, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ীতে জাওয়াদ হোসেন নিলয় (১৩) নামের এক মাদরাসা ছাত্রকে অপহরণের চেষ্টা করা হয়েছে।

বুধবার( ১৭ মার্চ) ঐ ছাত্রের পিতা সামছুল আলম বাদী হয়ে অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটে উপজেলার ১নং জয়াগ ইউপির উলুপাড়া নুরুজ্জামান মেম্বার বাড়ীতে।

অভিযোগসূত্রে জানা যায়, উলুপাড়া গ্রামের সামছুল আলমের ছেলে জাওয়াদ হোসেন নিলয় স্থানীয় উলুপাড়া বোরহানিয়া কাওমী মাদরাসার কিতাব বিভাগের ছাত্র। প্রতিদিন বাড়ী থেকে আসা যাওয়া করে লেখা পড়া চালিয়ে যাচ্ছিল। সোমবার দিবাগত রাত ৯টার দিকে ঐ ছাত্র ছুটি শেষে বাড়ী আসার সময় তাদের বাড়ীর সামনে পাকা রাস্তার উপরে ৫/৬ জন মুখোশ পরা অপহরণকারী তার হাত বেধে ও জোর পূর্বক চেতনা নাশক ঔষধ খাইয়ে অজ্ঞান করে ফেলে। অপহরণকারীরা সিএনজি যোগে ছেলেটিকে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর আনাগোনা দেখে তারা ব্যর্থ হয়। এসময় উপায়ন্তর না পেয়ে অপহরণকারীরা নিলয়কে পিচ মোড়া হাত বাধা ও অজ্ঞান অবস্থায় সোমবার রাত অনুমান ১০টার দিকে তাদের বসতঘরের পাশে ফেলে যায়। মাদরাসা থেকে ছেলে বাড়ীতে না ফেরায় তার বাবা সামছুল আলম মাদরাসাসহ এলাকার বিভিন্ন জায়গায় খোজাখুজি করে না পেয়ে অবশেষে বাড়ীতে এসে অজ্ঞান অবস্থায় তাকে বসতঘরের পাশে দেখতে পায়। ছেলেটিকে চিকিৎসার জন্য তাৎক্ষণিক চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, নিলয়কে চেতনা নাশক ঔষধ খাইয়ে অজ্ঞান করা হয়। চিকিৎসা শেষে বুধবার হাসপাতাল থেকে ছেলেকে নিয়ে সামছুল আলম সোনাইমুড়ী থানায় এসে অজ্ঞাত নামা ৫/৬ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সোনাইমুড়ী থানার ডিউটি অফিসার সোহেল অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।