লক্ষ্মীপুর-২ আসনে উপ-নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন আ.লীগ প্রার্থী নয়ন

নিজস্ব প্রতিবেদক,লক্ষ্মীপুর ।।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের আংশিক) সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমাদেন তিনি। তার মনোনয়নপত্র গ্রহণ করেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এ আসনের উপনির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ দুলাল তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা মোহাম্মদ আলী খোকন, কেন্দ্রীয় যুবলীগ নেতা শামছুল ইসলাম পাটওয়ারী, রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট রাসেল মাহমুদ মান্না, আবদুল মতলব, জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ বেলায়েত হোসেন, সাবেক ছাত্রনেতা সৈয়দ নুরুল আজিম বাবর, সৈয়দ সাইফুল হাসান পলাশ,সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলসহ দলীয় নেতাকর্মীরা।

মনোনয়নপত্র জমা দিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, আগে মানুষ এমপির কাছে যেত, আমি যদি নির্বাচিত হই তাহলে আমি জনগণের কাছে যাবো। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের স্বাগত জানিয়ে তিনি আরো বলেন, আমি যেন-তেন নির্বাচনে বিজয়ী হতে চাই না। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে চাই। তিনি জানান, লক্ষ্মীপুর-২ আসন দীর্ঘদিন থেকে উন্নয়ন বঞ্চিত। নির্বাচিত হলে ওই আসনের উন্নয়ন কর্মকান্ড দ্বিগুন গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।