হার না মানা একজন সফল কাউন্সিলরের বিদায়

শাহাদাত হোসেন,চট্টগ্রাম ।।
সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু সমগ্র চট্টগ্রামে ‘মিন্টু কমিশনার’ ও ‘মিন্টু ভাই’ নামে পরিচিত। তিনি ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত তৎকালীন চট্টগ্রাম পৌরসভার নির্বাচিত কমিশনার ছিলেন এবং পরে ১৯৯৪ সালের জানুয়ারি থেকে পরপর ছয় মেয়াদে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর পদে নির্বাচিত হন। সর্বশেষ গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনেও তিনি কাউন্সিলর নির্বাচিত হন।
নির্বাচনে একবারও হার না মানা নগরের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু শেষ পর্যন্ত হেরে গেলেন করোনাভাইরাসের (কোভিড-১৯) কাছে। এই রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ মার্চ) ভোর সোয়া ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর।
