চট্টগ্রামে সন্ধ্যা ৬টার পর ওষুধ ও কাঁচাবাজার ছাড়া সব দোকানপাট বন্ধ

চট্টগ্রাম প্রতিনিধি ।।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রাম নগরীতে আজ শুক্রবার সন্ধ্যা ৬টার পর থেকে ওষুধের দোকান ও কাঁচাবাজার ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে।
করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় শুক্রবার (২ এপ্রিল) এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। এ ঘোষণার পর পরই অভিযানে নেমে পড়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
তিনি জানান, আজ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রাম নগরীতে ওষুধের দোকান ও কাঁচাবাজার ছাড়া রেস্টুরেন্ট, শপিং সেন্টারসহ সব ধরনের দোকানপাট বন্ধ রাখতে হবে।
তিনি আরও জানান, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। প্রাথমিকভাবে চট্টগ্রাম মহানগরী এলাকায় এ বিধিনিষেধ প্রযোজ্য। তবে অচিরেই পুরো জেলায় এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। বিষয়টি মনিটরিং করতে জেলা প্রশাসনের চারটি ভ্রাম্যমাণ আদালত ইতোমধ্যে মাঠে নামানো হয়েছে। নির্দেশনা অমান্য করলে শাস্তি দেওয়া হবে।
এই নির্দেশনা মেনে চলছে কি না তা তদারকির জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন বলে জানান জেলা প্রশাসক। ১৪ এপ্রিল পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে বলে জানিয়ে জেলা প্রশাসক বলেন, পরবর্তী সময়ে করোনা পরিস্থিতির ওপর নির্ভর করে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।
