রায়পুরে ১ টন জাটকা, দেড় লক্ষ মিটার কারেন্ট জাল ও ৫ নৌকা আটক

নিজস্ব প্রতিবেদক ।।

লক্ষ্মীপুরের রায়পুরে ছোট ইলিশের (জাটকা) বড় একটি চালান জব্দ করেছে উপুকূল রক্ষী (কোস্টগার্ড)। এ অভিযানে প্রায় ১ লাখ ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ইঞ্জিন চালিত ৫টি নৌকা ও ১টন জাটকা আটক করা হয়।

এ সময় অভিযানের খবর টের পেয়ে সংশ্লিষ্ট জেলেরা পালিয়ে যায়। জব্দকৃত জালগুলো লোকজনের সামনে আগুনে পুড়িয়ে ফেলা হয়। এসব কারেন্ট জালের বর্তমান বাজার মূল্য প্রায় ছাপ্পান্ন লাখ টাকার মতো। জব্দকৃত জাটকা দুস্থ, গরিব ও স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।আটককৃত ইঞ্জিন চালিত ৫টি নৌকা স্হানীয় উপজেলা মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

রায়পুর উপজেলা কোস্টগার্ড পূর্বজোনের কমান্ডেন্ট অফিসার মো. তৌহিদুল ইসলাম জানান, ১২ এপ্রিল দুপুরে মেঘনা নদীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল, ১ টন জাটকা ও ৫টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করি। তবে এর সাথে সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার করা যায়নি।

তিনি আরো জানান, মেঘনা নদীতে কারেন্ট জাল ও জাটকা নিধন রোধে অভিযান অব্যাহত থাকবে।

১২ এপ্রিল সোমবার দুপুরে উপজেলার মেঘনা নদী, আলতাফ মাস্টার ঘাট, পুরান বেড়ি ও চান্দার খাল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জাটকা, নৌকা ও জাল আটক করা হয়েছে। কোস্টগার্ড রায়পুর ষ্টেশনের পক্ষে পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লে. আ. রউফ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানান।