৩০ মে পর্যন্ত বাড়ানো হলো লকডাউন, চলবে দূরপাল্লার বাস-ট্রেন-লঞ্চ

বিশেষ প্রতিনিধি ।।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ শেষ হচ্ছে আজ রবিবার। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় লকডাউনের মেয়াদ আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
২৩মে রোববার নতুন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বিধিনিষেধ ৩০ মে মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপণে জানানো হয়, করোনাভাইরাস জনিত রোগ কোভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পূর্বের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ২৩ মে মধ্যরাত থেকে আগামী ৩০ মে মধ্যরাত পর্যন্ত এ বিধিনিষেধ আরোপের সময়সীমা বাড়ানো হলো। আগামীকাল থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ। তবে সেক্ষেত্রে জনগণকে মাস্ক ব্যবহার করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সেই সঙ্গে হোটেলে বসে খাওয়া যাবে।
দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ঠেকাতে প্রথম দফায় গত ৫ এপ্রিল এক সপ্তাহের বিধিনিষেধ জারি করা হয়। ওই বিধিনিষেধের ধারাবাহিকতা চলে ১৩ এপ্রিল পর্যন্ত। এরপর দ্বিতীয় ধাপে ১৪ এপ্রিল থেকে সারাদেশে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়, যা চলে ২১ এপ্রিল পর্যন্ত। সেটি বাড়িয়ে পরে ২৮ এপ্রিল পর্যন্ত করা হয়। পরে সেই বিধিনিষেধের মেয়াদ ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। এরপর আবার তা ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়। এবার বিধিনিষেধ ৩০ মে পর্যন্ত বাড়ানো হলো।
