কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম

অনলাইন ডেস্ক ।।
পাঁচ হাজার টাকার বেলবন্ডের বিনিময়ে শর্তসাপেক্ষে জামিন পান প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলাম। আদালতের আদেশের পরে বিকেল তিনটার দিকে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষের কাছে জামিনের কাগজপত্র পৌছালে বিকেলে সোয়া চারটার দিকে তিনি কাশিমপুর কারাগার থেকে একটি গাড়িতে করে বের হয়ে আসেন। তবে এসময় তিনি সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি।
আজ রবিবার (২৩ মে) সকালে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লা পাঁচ হাজার টাকা মুচলেকা ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার (২০ মে) পৌনে ১টার দিকে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লার ভার্চুয়াল আদালতে তার জামিন শুনানি হয়। ওইদিন জামিন না দিয়ে নথি পর্যালোচনা করে আদেশ দেওয়ার কথা জানান আদালত। শুনানিতে অংশ নেন আইনজীবী এহসানুল হক সমাজি ও প্রশান্ত কুমার কর্মকার।
গত সোমবার (১৭ মে) সাংবাদিক রোজিনা ইসলামকে প্রায় ছয় ঘণ্টা আটকে রাখে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার (১৮ মে) সকাল পৌনে ৮টার দিকে শাহবাগ থানা থেকে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়। সকাল সাড়ে ১০টার পর তাকে আদালতে তোলা হয়। এদিন পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার। অপরদিকে তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকর্তার তার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।
অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়ের করা এক মামলায় তিনি প্রায় এক সপ্তাহ ধরে কারাগারে আটক ছিলেন। তার বিরুদ্ধে সচিবালয় থেকে সরকারি নথি চুরির অভিযোগ আনা হয়েছে।
রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে সারা দেশেই সাংবাদিকরা আন্দোলন করছিলেন।
