ট্রাক্টর চালিয়ে সংসদ অধিবেশনে গেলেন রাহুল গান্ধী

অনলাইন ডেস্ক ।।
কৃষি আইন বাতিল ও কৃষকদের দাবি-দাওয়া তুলে ধরতে ট্রাক্টর চালিয়ে সংসদ অধিবেশনে গেলেন রাহুল গান্ধী।
কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানাতেই সোমবার (২৬ জুলাই) ব্যতিক্রমধর্মী এ কর্মসূচি হাতে নেন তিনি।
তিনি বলেন, সংসদে আমি কৃষকদের প্রতিনিধি হয়ে তাদের বার্তা পৌঁছে দিতে এসেছি। ট্রাক্টরের সামনে বড় ব্যানারে লেখা, কৃষির তিন কালো আইন বাতিল করুন।
রাহুল গান্ধীর এই ট্রাক্টর চালানোর ঘটনাকে রাজনৈতির স্ট্যান্ট বলে কটাক্ষ শুরু করেছে BJP। এই প্রসঙ্গে রাহুল বলেন, ‘কৃষকদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। তাঁদের দাবিদাওয়া নিয়ে সংসদে কোনও আলোচনাই হচ্ছে না। এই কালা কানুন রোধ করতেই হবে কেন্দ্রকে। গোটা দেশ জানে এই আইন কেবল দু-তিন জন শিল্পপতিকে সুবিধা দেওয়ার জন্যই আনা হয়েছে।’
এই কর্মসূচি নিয়ে কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় রাহুল বলেন, আমি কৃষকদের উদ্দেশে বলতে চাই, পুরো দেশ আপনাদের পাশে আছে।
ট্র্যাক্টর চালিয়ে রাহুল গান্ধীর সংসদে যাওয়ার পথে ‘কৃষকবিরোধী কালো আইন বাতিল করুন’, ‘কৃষি আইন বাতিল’ লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে আন্দোলনকারীদের।
ভারতের সংসদে ১৯ জুলাই থেকে চলছে বর্ষাকালীন অধিবেশন। সেখানে বিরোধীদলগুলো কৃষকদের দাবির সমর্থনে সোচ্চার। অন্যদিকে সরকার অনড়। সংসদের ভেতরে ও বাইরে কৃষি আইন নিয়ে চলছে তুমুল বিতর্ক। এরই মাঝে সোমবার দলীয় নেতা-কর্মীসহ ট্রাক্টর চালিয়ে সংসদে যান রাহুল।
