সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে দুমকিতে মানববন্ধন

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: 
করোনার মহাপ্রকোপের মধ্যেও অতিসম্প্রতি খুলনার রুপসা উপজেলার শিয়ালি, পটুয়াখালীর কলাপড়ার রাখাইন সম্প্রদায়, মৌলভীবাজারের কুলাউড়াসহ দেশের কতিপয় স্থানে সাম্প্রদায়িক উস্কানি এবং ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে অব্যাহত হামলা, ভাংচুর, লুটপাট ও ভূমি জবর দখল করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দুমকি উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) সকাল ১১ টায় প্রেসক্লাব দুমকির সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের দুমকি উপজেলা শাখার সভাপতি সুকুমার চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক উজ্জল চন্দ্র দাস ও ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের জেলা শাখার সভাপতি দিপক কুমার দাসসহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে সারা দেশের বিভিন্ন স্থানে সংখ্যালগুদের উপর নির্যাতন ও উপশনালয় ভাংচুরের সুষ্ঠ বিচারের স্বার্থে আলাদা ট্রাইবুনাল গঠনের দাবী জানান । এছাড়াও আসন্ন শারদীয় দূর্গোৎসব যাতে তারা নির্বিঘ্নে করতে পারে সে লক্ষ্যে সরকারের সার্বিক সহযোগীতা ও সুদৃষ্টি কামনা করেন।