নোয়াখালীতে ওসির ফোন ক্লোন করে ৪ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় গ্রেফতার ২

খোরশেদ আলম শিকদার,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর থানার অফিসার ইনচার্জ ওসি’র সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে ৪ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় সংঘবদ্ধ প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে চরজব্বর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মান্দার তলী গ্রামের সেপুল ইসলামের ছেলে নবীর হোসেন (৩১), নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বারাহী নগর গ্রামের মৃত রুহুল আমিন এর ছেলে মাকছুদুর রহমান। তারা দুইজনই বিকাশ ব্যবসায়ী।
পুলিশ সুত্রে জানাযায়, সুবর্ণচর উপজেলার ৪নং চর ওয়াপদা ইউপির বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী মনির আহমেদ এর কাছ থেকে চর জব্বর থানার ওসির সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে প্রতারক চক্র এ টাকা হাতিয়ে নেয়। গ্রেফতারকৃরা বিকাশ দোকানের মাধ্যমে প্রতারক চক্রকে সহযোগিতা করে বলেও পুলিশ জানতে পেরেছে।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জিয়াউল হক জানান, বিকাশ ও বিভিন্ন এজেন্টের সহায়তায় প্রতারক চক্রের হাতিয়ে নওয়া ২ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকী টাকা সহ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামি নবীর হোসেন ও মাকছুদুর রহমান কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
