লক্ষ্মীপুরে ৪ বছরের শিশুকে জবাই করে হত্যা করল গর্ভধারণী মা !

নিজস্ব প্রতিনিধি।।
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায় ৪ বছরের সন্তানকে জবাই করে হত্যা করেছে তার গর্ভধারণী মা।এ ঘটনায় মা সাবিনা ইয়াসমিনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার ১৫নং লাহারকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খান বাড়িতে হৃদয়বিধারক এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
মায়ের হাতে নির্মমভাবে শিশু হত্যাকাণ্ডের এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। নিহত শিশু আয়ানুর রহমান আয়ান ওই এলাকার প্রবাসী আজিমুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, মধ্যরাতে প্রবাসী স্বামী আজিমুর রহমানের সাথে সাবিনা ইয়াসমিনের মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। এর জেরে মোবাইল ফোন রেখে নিজের ছেলেকে গলা কেটে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মা সাবিনা ইয়াসমিন। এ সময় স্থানীয়রা ধরে তাকে পুলিশে সোপর্দ করে।
লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক মা সাবিনাকে আটক করা হয়েছে।
পরবর্তীতে এতদবিষয়ে ভিকটিম মৃত আয়ানুর রহমান আয়ান এর দাদা মোঃ হুমায়ুন কবির (৬৫) বাদী হইয়া বিবাদী সাবিনা ইয়াছমিন শিল্পী এর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করিলে লক্ষ্মীপুর থানার মামলা নং-৬১, তারিখ-২৭/০৯/২০২১ খ্রিঃ, ধারা-৩০২/৩০৯ পেনাল কোড রুজু করিয়া মামলার তদন্তভার এসআই/মোঃ সোহেল মিয়া এর উপর অর্পন করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/মোঃ সোহেল মিয়া আসামী সাবিনা ইয়াছমিন শিল্পী (২৬)’কে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। উক্ত মামলার ঘটনা সংক্রান্তে আসামী সাবিনা ইয়াছমিন শিল্পী (২৬) নিজের দোষ স্বীকার করিয়া ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন।
