জার্মানির নির্বাচনে এসপিডির জয়

অনলাইন ডেস্ক ।।
খুবই অল্প ব্যবধানে জার্মানির জাতীয় নির্বাচনে জিতেছে মধ্য বামপন্থী দল এসপিডি। মোট ভোটের ২৬ শতাংশ পেয়েছে তারা। ২৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে অ্যাঞ্জেলা মার্কেলের রক্ষণশীল দল সিডিইউ।
সোমবার সবগুলো আসনের ভোট গণনার পর নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, এসপিডি ২৫.৭ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের রক্ষণশীল দল সিডিইউ/সিএসইউ পেয়েছে ২৪.১ শতাংশ ভোট।
গ্রিন পার্টি পেয়েছে ১৪ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। উদারপন্থী এফডিপি ১১ দশমিক ৫ শতাংশ, অভিবাসনবিরোধী এএফডি ১০ শতাংশ, বাম দল ৫ শতাংশ এবং অন্যান্য কিছু দল ৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছে।
এর আগে বুথ ফেরত জরিপে বলা হয়, সিডিইউ/সিএসইউ ও এসপিডি সমান সংখ্যক আসন পেতে যাচ্ছে। সিডিইউ/সিএসইউ ২৫ শতাংশ ভোট পেয়েছে। নির্বাচনে তাদের বড় প্রতিদ্বন্দ্বী মধ্য-বাম সোশ্যাল ডেমোক্রেট (এসপিডি) দলটিও পাচ্ছে ২৫ শতাংশ ভোট। এর ফলে এই দুই দলের যে কোন একটি সরকার গঠন করতে পারে।
প্রতিবেদনে বলা হয়, গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফল করেছে মার্কেলের দল। এছাড়া, ১৪ দশমিক আট শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছে গ্রিন পার্টি।
কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য এখন একটি জোট তৈরি করতে হবে। তবে জোট না হওয়া পর্যন্ত বিদায়ী চ্যান্সেলর কোথাও যাচ্ছেন না। ফলে নতুন সরকারের জন্য সম্ভবত ক্রিসমাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।সূত্র: বাসস
