আগামী ৫ই জানুয়ারী বজরা ইউনিয়নে জনতার বিজয় হবে ইনশাআল্লাহ

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৭নং বজরা ইউনিয়নে আগামী ৫ই জানুয়ারী নির্বাচনে জনতার বিজয় হবে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন চৌধুরী।
তিনি বলেন, ইউনিয়নের জনগণ আমাকে ভালোবাসে, জনগণের ভালোবাসা নিয়েই আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন চৌধুরী আরো বলেন, আমি আমার দলের কাছে মনোনয়ন চেয়েছি, দল আমাকে মনোনয়ন দেয়নাই। কিন্তু ইউনিয়নের জনগণের অনুরোধ, ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। ইনশাআল্লাহ আগামী ৫ই জানুয়ারী জনগণের সেই আশা ও ভালোবাসার প্রতিফলন ঘটবে। তিনি নির্বাচন কমিশন সহ আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে যা যা করার দরকার আশা করি আপনারা তাই করবেন। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ নিশ্চিত করতে হলে ভোট কেন্দ্রে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভোট জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণ যাতে গণতান্ত্রিক রীতি অনুযায়ী তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই ব্যবস্হা করতে হবে। ইকবাল হোসেন চৌধুরী আরো বলেন, আমি চেয়ারম্যান না হয়েও বিগত দিনে সমাজের উন্নয়ন মূলক কাজে এমনকি জনগণের সুখ দুঃখে সব সময় পাশে থেকেছি। ইনশাআল্লাহ নির্বাচিত হলে সে কাজ গুলো করতে আমার জন্য আরো সহজ হবে। ইউনিয়ন পরিষদ থেকে সেবা পাওয়া জনগণের নাগরিক অধিকার, জনগণের অধিকার রক্ষায় সব সময় সচেষ্ট থাকবো। স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতকে প্রাধান্য দিব। এ ছাড়া ইউনিয়ন থেকে সামাজিক ব্যাধি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এবং ইভটিজিং রোধে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় স্হায়ী ভাবে নির্মুলের ব্যবস্হা করবো। নির্বাচনে বিজয়ের ব্যাপারে তিনি বলেন, ইউনিয়নের শান্তি প্রিয় জনগন আমার সাথে আছে, তাদের দোয়া, আশা এবং ভালোবাসা অব্যাহত থাকলে ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। আর সেই বিজয় হবে আমার ইউনিয়নের সর্বস্তরের জনতার।
