পলাশে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ

পলাশ প্রতিনিধি, নরসিংদী :
নরসিংদীর পলাশে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন।
শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ঘোড়াশাল রেলস্টেশনের পাশে স্বামীর সামনেই গণধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। পরে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে।
এ ঘটনায় রাজিব মিয়া (২৮) ও রিফাত মিয়া (২৪) নামে দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রাজিব মিয়া ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের মৃত শাহা আলমের ছেলে ও রিফাত মিয়া পৌর এলাকার চামড়াব গ্রামের নজরুল ইসলামের ছেলে।
তথ্যটি নিশ্চিত করে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহিরুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা রাতে ঘোড়াশাল রেলস্টেশন এলাকায় স্বামীর সঙ্গে ঘুরতে আসেন ওই গৃহবধূ। এ সময় ঝালমুড়ি খেতে খেতে রেলপথ ধরে ঘোরাঘুরির সময় রাজিব ও রিফাতসহ তিন বখাটে ওই দম্পতিকে আটকিয়ে তাদের পরিচয় জানতে চায়। একপর্যায়ে ঘোড়াশাল রেলস্টেশন থেকে টান ঘোড়াশাল স্টেশনের মধ্যখানে এক নির্জন স্থানে নিয়ে স্বামীকে মারপিট করে স্ত্রীকে পালাক্রমে তিনজন মিলে গণধর্ষণ করে। একপর্যায়ে ওই বখাটেদের কাছ থেকে ছুটে এসে নির্যাতিতা ওই গৃহবধূর স্বামী ৯৯৯-এ কল দিলে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে পাঁচদোনা থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে।
পরিদর্শক জহিরুল ইসলাম আরও জানান, ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে ধর্ষকরা ভয়ভীতি দেখিয়ে একটি রিকশায় তুলে দিয়ে পাঁচদোনার দিকে নির্যাতিতা ওই গৃহবধূকে চলে যেতে বলে। গৃহবধূকে উদ্ধার করার পর তার কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে রাতেই অভিযান চালিয়ে রাজিব ও রিফাত মিয়াকে গ্রেপ্তার করা হয়। তবে এ ঘটনায় জড়িত আরেক ধর্ষকের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
রেলপথে এই ধর্ষণের ঘটনা হওয়ায় রবিবার সকালে ভিকটিম ও গ্রেপ্তারকৃত দুই ধর্ষককে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষাসহ রেলওয়ে থানায় এই ঘটনার মামলা পক্রিয়াধীন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Share this news as a Photo Card

06 February 2022

পলাশে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে