আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে সেনবাগের যুবক নিহত

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
দক্ষিণ আফ্রিকায় চাঁদাবাজ সন্ত্রাসীদের গুলিতে নোয়াখালীর সেনবাগের গোলাম মোস্তফা (৩৮) নামের এক যুবক নিহত হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারী) বিষয়টি নিশ্চিত করেন নিহতের বড় ভাই গোলাম ছরওয়ার। বর্তমানে মোস্তফার লাশ আফ্রিকার একটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। এর আগে বাংলাদেশ সময় শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) রাত ১টার দিকে তার পাশ্ববর্তী এক প্রবাসী মোবাইলে তার পরিবারকে জানান।
নিহত গোলাম মোস্তফা নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কাবিল পুর ইউনিয়নের কাবিল পুর গ্রামের জয়নাল আবেদীন এর ছেলে। দুই ছেলের জনক মোস্তফা চার ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট।
জীবিকার তাগিদে বিগত দশ বছর পুর্বে তিনি সাউথ আফ্রিকা যান। কয়েক বছর বিভিন্ন স্হানে চাকুরী করার পর আফ্রিকার থাবানুচ এলাকায় নিজে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন।
প্রতিদিনের মতো বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসা ছিলেন মোস্তফা। রাত ৮টার দিকে মোবাইলে পরিবারের সদস্যদের সাথে কথাও হয় তার। এর কিছুক্ষণ পর আফ্রিকার একদল চাঁদাবাজ সন্ত্রাসী দোকানে এসে মোস্তফার নিকট মোটা অংকের চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সন্ত্রাসীরা দোকানে থাকা মালামাল লুটকরে নিয়ে যায়। খবর পেয়ে স্হানীয় থানার পুলিশ লাশ উদ্ধার করে সেখানে একটি হাসপাতাল মর্গে রাখেন।
নিহত মোস্তফার বড় ভাই গোলাম ছরওয়ার তার ছোট ভাইয়ের লাশ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য নিহত গোলাম মোস্তফা ২০১৯ সালের শেষের দিকে দেশের বাড়িতে আসার পর ২০২০ সালের প্রথম দিকে পুনরায় সাউথ আফ্রিকায় ফিরে যান।
