লক্ষ্মীপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক,রায়পুর ।।

লক্ষ্মীপুরের রায়পুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে মিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দফায়-দফায় ধাওয়া, পাল্টা-ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে উভয় পক্ষের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

আজ সোমবার(২১ ফেব্রুয়ারী) সকাল ৯টা থেকে ১১ পর্যন্ত উপজেলা পরিষদের সড়কের ডাকবাংলার সামনে, প্রধান সড়ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে।

এ নিয়ে জেলায় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।পরে শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদ পেয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটসহ দলের জ্যেষ্ঠ নেতারা আহতদের দেখতে হাসপাতালে যান।

আহত অন্তত ২০ জনের মধ্যে ১৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। তারা আওয়ামী লীগ, বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রায়পুর গাজী মার্কেট থেকে সকালে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে শহীদ মিনারে যান। সেখানে ফুল দিয়ে ফেরার পথে তারা সরকার বিরোধী স্লোগান দেন। এতে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী বাধা দিলে তাদের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ হয়।

এর জের ধরে শহরের প্রধান সড়ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায়ও ধাওয়া, পাল্টা-ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সে সময় একটি মোটর সাইকেল ভাঙচুর করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফয়সাল বলেন, সকাল ৯টার দিকে আমরা শহীদ মিনারে ফুল দিয়ে মিছিল নিয়ে ফিরছিলাম। পথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে পেছন দিক থেকে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের প্রায় ১৫ জন কর্মী আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে পুনরায় তাদের ওপর হামলা করা হয়েছে।

রায়পুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু বলেন, ‘আমাদের নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আহত ৮-১০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

অপরদিকে রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকন পাল্টা অভিযোগ করে বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা আপত্তিকর স্লোগান দিয়ে মিছিল করেছে। তারা লাঠি নিয়ে জড়ো হয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে আমাদের নেতাকর্মীদের আহত করেছে।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন,’মিছিল ও শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়েছে। আহতরা চিকিৎসা নিচ্ছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক। শহরে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।’লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।