দুমকিতে গভীর রাতে হাত পা বেঁধে ফিল্মি স্টাইলে ডাকাতি!

মো.সুমন মৃধাঃ দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে ফিল্মি স্টাইলে হাত পা বেঁধে দু:সাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আতঙ্কিত হয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দুমকি গ্রামের আনন্দ বাজার এলাকার ভুঁইমালী বাড়ির কাছে বাবুল চন্দ্র হাওলাদারের সদ্য বসত বাড়িতে ৬ সদস্যের একদল মুখোশধারী ডাকাত গেরস্থের নাক মুখ ও হাত পা বেঁধে ফিল্মি স্টাইলে ডাকাতি করে পালিয়ে যায় ।
জানা যায়,প্রতিদিনকার মত গোয়াল ঘরের পাশে পাহারা ঘরে ঘুমিয়ে ছিলেন জগদীশ মালী (৪২)। মধ্য রাতে হঠাৎ ঘরের দরজায় লাথি মেরে খুঁলে তার চোখ ও হাত পা বেঁধে ফেলে ডাকাত দল।
এরপর পা খুলে দিয়ে পাশের ঘরের বাবুল চন্দ্র হাওলাদারকে ডাক দিয়ে দরজা খোলার জন্য নিয়ে যায় ডাকাত দল। জগদীশ এর ডাক শুনে বাসায় একা থাকা বাবুল চন্দ্র হাওলাদারের স্ত্রী শিখা রানী হাওলাদার (৩৮) দরজা খুলতেই কিছুই বুঝে ওঠার আগেই তাকেও চোখ ও হাত – পা বেঁধে ফেলে ডাকাত দল। শিখা রানীকে চৌকির ওপর ফেলে রাখে ও জগদীশকে ঘরের খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে রেখে বাসায় থাকা বিভিন্ন মালামাল তছনছ করে নগদ আট হাজার টাকা ও প্রায় পৌনে তিন ভরি স্বর্ণালংকার লুঠ করে ফজরের আযানের সময় পালিয়ে যায় ।
প্রতিবেশি বাসিন্দা মাসুদ জানান, বাবুলকে এখানে আমিই জমি কিনে দিয়েছি। ওরা এখানে নতুন।ওদের সাথে এখানকার স্থানীয় কারো সাথে কোন ধরনের শত্রুতা নেই।
নাম না প্রকাশে অনিচ্ছুক একজন জানান, জায়গাটি নির্জন হওয়ায় প্রায়ই রাতে মাদক ও জুয়ার আড্ডা বসে।
দুমকি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইন ব্যবস্হা গ্রহণ করা হবে।
