হামলায় একদিনে রাশিয়ার ২৫০ সেনা নিহত: ইউক্রেন

অনলাইন ডেস্ক।।

ইউক্রেন যুদ্ধের ১১১তম দিন আজ।গত ২৪ ঘণ্টায় যুদ্ধে রাশিয়ার অন্তত ২৫০ সেনা নিহত হয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে।

বুধবার (১৫ জুন) যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে প্রায় ৩২ হাজার ৭৫০ রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। খবর বিবিসির।

ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ তাদের হালনাগাদ তথ্যে জানায়, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত রাশিয়ার অন্তত ৩২ হাজার ৭৫০ সেনা নিহত হয়েছে।

এছাড়া ইউক্রেনের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, রাশিয়া ১ হাজার ৪৪০ ট্যাংক, ৩ হাজার ৫২৮ সাঁজোয়া যান, ৭২২ আর্টিলারি ব্যবস্থা, ২৩০ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, ২১৩ যুদ্ধ বিমান, ১৭৯ হেলিকপ্টার, ১২৯ ক্রুজ মিসাইল, ১৩টি যুদ্ধজাহাজ/নৌকা, ২ হাজার ৪৮৫ গাড়ি এবং জ্বালানি ট্যাংক হারিয়েছে।

তবে বিবিসির পক্ষ থেকে ইউক্রেনের এই দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১১২ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।