লক্ষ্মীপুরে তহসিলদার হত্যা মামলায় ২৫ বছর পর দুই জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি।।

লক্ষ্মীপুরের রামগতিতে জমি নিয়ে বিরোধের জেরে মোশাররফ হোসেন নামে এক তহসিলদারকে কুপিয়ে হত্যা মামলায় ২৫ বছর পর মো. ইদ্রিস কালা ও চৌধুরী বরকত নামে দুইজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে এক বছর করে কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত ইদ্রিস রামগতির চর সেকান্তর গ্রামের আবদুল গোফরানের ছেলে ও বরকত একই গ্রামের এবাদ উল্যার ছেলে। এছাড়া এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও ৭ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায়ের সময় দন্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। তাদেরকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি নিয়ে চর সেকান্তর গ্রামের বাসিন্দা মৃত দ্বারা বক্স মাঝির দুই ছেলে আবদুল গোফরান ও মোশাররফ হোসেন তহসিলদারের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে ১৯৯৮ সালের ১৭ জুলাই সকালে আবদুল গোফরান ও তার ছেলে ইদ্রিসসহ অন্য ছেলেরা মোশাররফকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় একইদিন মোশাররফ তহসিলদারের ছেলে আবুল হাসান চৌধুরী বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে রামগতি থানায় হত্যা মামলা করেন। ১৯৯৮ সালের ৩১ ডিসেম্বর আদালতে এ মামলার চূড়ান্ত প্রতিবেদন জমাদেন রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন আল মাহমুদ। দীর্ঘ শুনানি শেষ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষণা করেন আদালত।