লক্ষ্মীপুরে তরুণীর অশ্লীল ছবি ধারণ মামলায় আসামির কারাদন্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি।।

লক্ষ্মীপুরে পর্নোগ্রাফি মামলায় জহিরুল ইসলাম খোকন (৪৮) নামের এক আসামির তিন বছরের কারাদন্ড দিয়েছে আদালত।একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। এর আগে তিনি জামিনে ছিলেন। রায়ের পর তাকে গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠানো হয়।

দন্ডপ্রাপ্ত খোকন সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ঘোরারবাগ এলাকার আবদুস শহীদের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্পর্কে আসামি খোকন বাদীর ফুফাতো ভাই। এতে বাদীর বাড়িতে আসামির আসা-যাওয়া ছিল। সে সুযোগে ২০১৭ সালের প্রথমদিকে বাদীকে ঘরে একা পেয়ে জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে অশ্লীল ছবি ধারণ করে আসামি। ওই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে বাদীর আরও অশ্লীল ভিডিও-ছবি নেয়। ২০১৯ সালের ১৭ আগস্ট একইভাবে বাদীর মায়ের মোবাইল নম্বরে বিভিন্ন ধরণের কু-প্রস্তাবমূলক খুদে বার্তা (এসএমএস) পাঠায়। এর ছয়মাস আগে ফরহাদ হোসেন নামের এক প্রবাসীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের চারমাস পরই তার স্বামী বিদেশ চলে যায়। এতে খোকন পুরনো অশ্লীল ছবি-ভিডিও তার স্বামীকে দেবে বলে হুমকি দিয়ে শারীরিক সম্পর্কের জন্য কু-পস্তাব দেয়।আসামির কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ২০২০ সালের ১২ নভেম্বর ছবি-ভিডিওগুলো আসামি খোকন তার স্বামীর ইমো নম্বরে পাঠিয়ে দেয়। পরে ২৭ নভেম্বর ওই নারী বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় খোকনের বিরুদ্ধে মামলা করেন।

২০২১ সালের ২৯ এপ্রিল চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। এতে বলা হয় ঢাকার মালিবাগে পুলিশের সিআইডি বিভাগের সাইবার ফরেনসিকের মাধ্যমে তিনটি মোবাইল সেট পরীক্ষা করে ঘটনার সত্যতা পাওয়া যায়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামির তিন বছরের কারাদন্ড দেন।