আম পারার তুচ্ছ ঘটনায় দুমকিতে স্বামী-স্ত্রীকে বেধম মারধর!

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকিতে বিরোধীয় জমির গাছ থেকে আম পারানোর তুচ্ছ ঘটনায় জসিম মৃধা (৩৭) ও শেফালী বেগম (২৪) দম্পতি বেধরক মারধরের শিকার হয়েছে। একই বাড়ির বাসিন্দা প্রতিপক্ষ সম্রাট মৃধা (৫৫), জেসমিন বেগমের নেতৃত্বে ৭/৮জন মিলে কিল,ঘুষি, লাথি ও কাফুলা কচার লাঠি দিয়ে পিটিয়ে ফুলা জখমসহ গুরুতর আহত করেছে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃধা বাড়িতে এ হামলা-মারধরের ঘটনাটি ঘটেছে। আহত দম্পতিকে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আহত জসিম মৃধা বাদি হয়ে প্রতিপক্ষের ৮জনের নামোল্লেখ করে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার দুমকি সাকিনের শাহজাহান মৃধার ছেলে জসিম মৃধার সাথে তার সহদর সম্রাট মৃধার সাথে জমিসংক্রান্ত পূর্ব বিরোধ আছে। ঘটনার দিন বিরোধীয় জমির গাছ থেকে আম পারানোর ঘটনায় দু‘পক্ষের কথার কাটা-কাটিসহ তুমুল ঝগড়ার সৃষ্টি হয়। এসময় প্রতিপক্ষের ৭/৮জন মিলে বাদি জসিম মৃধা ও তার সিজারিয়ানের রুগী স্ত্রী শেফালী বেগমকে বেধরক মারধর শুরু করে। এসময় আহত দম্পতির ডাক চিৎকারে প্রতিবেশী লোকজন এগিয়ে এলে প্রতিপক্ষরা দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত দম্পতিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়। আহত জসিম মৃধা অভিযোগ করেন, তার সহদর বড়ভাই সম্রাট মৃধা গোপনে মায়ের সমস্ত সম্পত্তি লিখে নিয়ে তাকে ঠকিয়েছে। এনিয়ে বেশ কয়েকবার শালিস বৈঠক বসলেও সে শালিসী মানছে না। মারধরের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সম্রাট মৃধা বলেন, কাউকে মারধর করা হয়নি। ওরা মিথ্যা অভিযোগ করে আমাদের অযথা হয়রানি করছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: আবুল বাসার লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিৎ করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।