আওয়ামীলীগ নেতাদের ক্ষমা চাওয়া উচিত- ব্যারিস্টার খোকন

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি:
আওয়ামীলীগ নেতাদের ক্ষমা চাওয়া উচিত, তারা গত ১৬ বছর তারেক রহমানকে নিয়ে যে দূর্নীতির মিথ্যা প্রপাগাণ্ডা করেছিল। আজকে দেখা গেল তা অন্তঃসারশূন্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে চাটখিল উপজেলার ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে উপজেলা, পৌরসভা, কলেজ ও মাদ্রাসা ছাত্রদলের আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন শেখ হাসিনা বলেছিল ঘরে ঘরে চাকরি দিবে। ১৬ বছরে কী করল তারা! কোন চাকরি দেয় নাই সিলেক্টিভ কিছু লোক ছাড়া। ঘুষের বিনিময়ে ছাড়া। ঘরে ঘরে তারা মাদক দিয়েছে। ঘরে ঘরে তারা সন্ত্রাস সৃষ্টি করেছিলো। বিসিএস পরীক্ষা দিবেন সেখানেও দুর্নীতি। চাকরি চাইবেন সেখানেও ঘুষ। সরকারি চাকরিতে ঘুষ ছাড়া চাকরি হয় নাই। এই ছিল রেওয়াজ। তারপর পুলিশ রিপোর্ট। আপনি বিএনপি করেন না আওয়ামী লীগ করেন! অনেক ব্রিলিয়ান্ট ছেলে মেয়ের গত ১৬ বছর চাকরি হয় নাই। আওয়ামী লীগ করছে যারা, তাদের চাকরি হয়েছে। আমরা সেই অবস্থা চাই না।
তিনি আরো বলেন, ‘তারেক রহমানের যে চিন্তা চেতনা, বিএনপি যদি ক্ষমতায় আসে, তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয়, বাংলাদেশের রাষ্ট্রনায়ক হয়; বাংলাদেশের আমূল পরিবর্তন হবে। তারা ১/১১ এর সময় বলেছিলো তারেক রহমান হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। ঘুরেফিরে দেখে যে তার এক কোটি ছাব্বিশ লাখ টাকার সম্পদ আছে।
এই সময় তিনি ছাত্রদের রাজনীতি করার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার অনুরোধ করেন। পাশাপাশি দেশের বিদ্যমান অসামঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক পলিসির পরিবর্তনের কথাও বলেন।
চাটখিল উপজেলা ছাত্রদলের সভাপতি ইউসুফ উন নবী বাবু এর সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, পৌর বিএনপির আহবায়ক শামছুল আরিফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিস আহমেদ হানিফ, উপজেলা যুবদলের আহবায়ক জহির উদ্দিন বাবর, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন মুরাদ, ইঞ্জিনিয়ার ফারুক হোসেন প্রমুখ।