ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাচ্ছে না- বিলম্বনায় ভূমি মালিক’রা

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি:
ভূমি উন্নয়ন কর আদায়ের সার্ভার কাজ না করায় নোয়াখালীর চাটখিলে হাজার হাজার ভূমি মালিক সরকারের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারছেন না। এতে বিড়ম্বনায় পড়েছেন ভূমি মালিক’রা। ভূমি রেজিস্ট্রিসহ নানা কাজে পুরো দেশেই অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
জানা যায়, একসময় মানুষ নিজ নিজ এলাকার তহশীল অফিসে গিয়ে হাতে লিখা রশিদের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতো। কিন্তু গত বছর থেকে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় শুরু হয়। চলতি বছরের শুরু থেকে পুরোদমে এই কার্যক্রম চলছিল। অনলাইনে সরকারের নির্দিষ্ট একটি ওয়েবসাইটে গিয়ে সার্ভারে প্রবেশ করে ভূমি উন্নয়ন কর এর টাকা প্রদান করে রশিদ সংগ্রহ করা যায়।
ভূমি উন্নয়ন কর পরিশোধের আবেদন তহশীল অফিস অনুমোদন দেয়ার পর ভূমি মালিক নিজের ইচ্ছেমতো স্থান থেকে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারেন। বিষয়টিতে যথেষ্ট স্বচ্ছতা নিশ্চিত হলেও সার্ভার একটি বড় ধরনের সংকট তৈরি করে রেখেছে। ঘরে বসে বা নিজে নিজে ভূমি উন্নয়ন কর পরিশোধের সিস্টেম থাকলেও অধিকাংশ মানুষই তা পারেন না। বিভিন্ন কম্পিউটারের দোকানে গিয়ে মানুষকে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হয়। কিন্তু বর্তমানে সার্ভার নিষ্ক্রিয় থাকায় হাজার হাজার ভূমি মালিক ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারছেন না।
সরকার সার্ভারের উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে। গত ২৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত সার্ভার উন্নয়নের জন্য সারাদেশে ভূমি উন্নয়ন কর আদায় বন্ধ রাখার নোটিশ দেয়া হয়। কথা ছিল ১ ডিসেম্বরের পরে ভূমি মালিকেরা ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। কিন্তু এখন পর্যন্ত সার্ভার ঠিক হয়নি। কখন ঠিক হবে সেটিও অনিশ্চিত।
একাধিক ভূমি মালিক বলেন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে । তহশীল অফিসে গিয়ে বার বার চেষ্টা করেও ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারছি না।
বিষয়টি নিয়ে চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান এর নিকট জানতে চাইলে তিনি বলেন, নামজারি অনলাইন সিস্টেম আপডেট কার্যক্রম চলমান থাকায়
ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাচ্ছে না, আশা করছি দ্রুত সময়ের মধ্যে সার্ভার সক্রিয় হবে।
