১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন

অনলাইন ডেস্ক।।
আগামী ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ শুরু হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিতে আনা পরিবর্তন এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য তাদের সহযোগিতা বিষয়ে আলোচনা করাই এই সংলাপের মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, আগামী ১৩ নভেম্বর থেকে সংলাপ শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে এখনো পর্যন্ত কোন কোন দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হবে, সেটি নির্ধারণ করা হয়নি। আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নিবন্ধিত দলগুলোর সঙ্গেই মতবিনিময় করব। আমরা আশাবাদী, রাজনৈতিক দলগুলো আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে সংলাপে অংশ নেবে। পর্যায়ক্রমে কোন কোন দলকে আমন্ত্রণ জানানো হবে, সে বিষয়ে গণমাধ্যমকেও জানানো হবে।
নির্বাচন কমিশন ইতোমধ্যে গণমাধ্যম ব্যক্তিত্ব, নির্বাচন বিশেষজ্ঞ, নারী নেত্রী, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করেছে। এসব মতবিনিময় থেকে পাওয়া পরামর্শ ও প্রস্তাব আচরণবিধি চূড়ান্ত করার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে কমিশন সূত্রে জানা গেছে।
কমিশন মনে করছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন্ন এই সংলাপ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আরও গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করে তুলবে। সূত্র : বাসস।
