”আমরা ফটোসেশসনের রাজনীতি করি না”- শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি।।

আমরা ফটোসেশনের রাজনীতি করি না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার ৪ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর পৌর এলাকার রহমতখালী খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা কৃষকদল যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

সরকারের খাল পুনঃখনন কার্যক্রম নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে মন্ত্রী বলেন, ‘সরকারের দায়িত্ব নিয়েছি মাত্র ৬ মাস হয়েছে, এর মধ্যে সব কাজ শেষ হয়ে যায়নি। ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কি হয়ে গেছে? বলার সুযোগ আছে? এটা তো বিরোধী দলের বোঝা উচিত। ৬ মাসের মাথায় উনারা লংমার্চ করবেন। আমরা ফটোসেশনের রাজনীতি করি না।’

পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘আমরা ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করব। অনেক নেতা ছিলেন, অনেকে নিজেকে দূরদর্শী নেতা মনে করেন। কিন্তু ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করে দেশের মানুষকে সুবিধা দেয়ার কাজ কেউ করেননি।’

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ।