লক্ষ্মীপুরে এডাব এর তিন দিনের এডভোকেসি এন্ড লবিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক।।
লক্ষ্মীপুরে অ্যাডভোকেসি ও লবিং বিষয়ে দক্ষতা বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমে কার্যকরভাবে অ্যাডভোকেসি কৌশল প্রয়োগের লক্ষ্যে তিন দিনব্যাপী “অ্যাডভোকেসি ও লবিং বিষয়ক প্রশিক্ষণ” কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব)-এর উদ্যোগে লক্ষ্মীপুরের সোপিরেট প্রশিক্ষণ সেন্টারে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রশিক্ষণটি ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন এডাব লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি সামসুল আলম লিটু। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন সুবিনয় দত্ত।উপস্থিত ছিলেন সমাপিকা হালদার, সমন্বয়কারী, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন এবং মোঃ ফোরকান, বিভাগীয় সমন্বয়কারী,এডাব।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে এডাবের সদস্যভুক্ত বিভিন্ন উন্নয়ন সংস্থার ২৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণে অ্যাডভোকেসির ধারণা, বৈশিষ্ট্য ও গুরুত্ব, অ্যাডভোকেসি ইস্যু চিহ্নিতকরণ, অংশীজন বিশ্লেষণ, অ্যাডভোকেসি কৌশল ও টুলস, লবিংয়ের কার্যকর পদ্ধতি, নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হচ্ছে।
এছাড়াও বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে ডিজিটাল অ্যাডভোকেসি, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার, জনমত গঠন, নীতিনির্ধারকদের প্রভাবিতকরণ এবং অ্যাডভোকেসি কার্যক্রমে বিভিন্ন অংশীজনকে সম্পৃক্ত করার কৌশল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
উদ্বোধনী পর্বে বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সমস্যা সমাধান এবং উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর করতে পরিকল্পিত অ্যাডভোকেসি ও লবিংয়ের গুরুত্ব অপরিসীম। সঠিক তথ্য, প্রমাণ ও যুক্তির ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নীতিনির্ধারকদের কাছে জনগণের দাবি তুলে ধরার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অ্যাডভোকেসি ও লবিংয়ের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক কৌশল ও প্রয়োগ সম্পর্কে দক্ষতা অর্জন করা সম্ভব হবে। অর্জিত জ্ঞান নিজ নিজ প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমে কাজে লাগানোর প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
প্রশিক্ষণ কর্মসূচিতে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি দলীয় কাজ, কেস স্টাডি, অনুশীলন ও অংশগ্রহণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
