১৪ পেরিয়ে ১৫ তে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)

রাকিবুল হাসান,কুবি প্রতিনিধি।।
১৪ পেরিয়ে প্রতিষ্ঠার ১৫তম বর্ষে পদার্পণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। ঐতিহ্যবাহী বৃহত্তর কুমিল্লা অঞ্চলে ২০০৬সনের ২৮মে যাত্রা শুরু করা সর্বোচ্চ এই বিদ্যাপীঠে বর্তমানে ৬টি অনুষদের অধীনে ১৯টি বিভাগে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিবছর নানা আয়োজনে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হলেও মহামারী কোভিড নাইনটিনের কারণে দেশজুড়ে সাধারণ ছুটি থাকায় এবার বিশেষ কোনো আনুষ্ঠানিকতা করা হচ্ছে না। তবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুবি উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সামাজিক যোগাযোগমাধ্যম এবং অন্যান্য অনলাইন মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তায় কুবি উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন- ”এ বছর বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমনের কারণে বিশ্ববিদ্যালয় দিবসটি জাঁকজমকপূর্ণভাবে পালন করা সম্ভব হচ্ছে না। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে দিবসটি জাঁকজমকপূর্ণভাবে পালনের পরিকল্পনা রয়েছে।”
প্রসঙ্গত, ২০০৬-৭ শিক্ষাবর্ষে দেশের ২৬তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসাবে কুমিল্লার কোটবাড়ির লালমাই পাহাড়ের পাদদেশে ৭টি বিভাগ নিয়ে পথচলা শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
