ইলিশের উন্নয়ন ও ব্যবস্থাপনায় ২৪৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন

অনলাইন ডেস্ক ।।

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২৪৬ কোটি টাকার প্রকল্পের চূড়ান্ত অনুমোদন প্রদান করেছে।

মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলানগর এনইসি সভাকক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পের অনুমোদন দেয়া হয়। সভায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করেন।

তিনি জানান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের বাস্তবায়ন খরচ ধরা হয়েছে ২৪৬ কোটি ২৮ লাখ টাকা। ইলিশের উৎপাদন ও প্রাপ্যতা বৃদ্ধির মাধ্যমে আমিষের চাহিদা পূরণ করার পাশাপাশি ইলিশ ধরা নিষিদ্ধকালীন জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদপ্তর জুলাই ২০২০ থেকে জুন ২০২৪ মেয়াদে ২৪৬ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও পরিচালনা’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে।

পরিকল্পনা কমিশনের সদস্য মো. জাকির হোসেন আকন্দ বলেন, সারাদেশে মোট ২৯ জেলার ১৩৪ উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন হবে। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো মা ইলিশ ও জাটকা সংরক্ষণে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন ও অভয়াশ্রম ব্যবস্থাপনার মাধ্যমে ইলিশের উৎপাদন বৃদ্ধি।

জাটকা ও মা ইলিশ ধরার ওপর নির্ভরশীল প্রায় ৩০ হাজার জেলে পরিবারের বিকল্প আয়ের উৎসের আওতায় দেশে ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এই প্রকল্প নেওয়া হয়েছে।

প্রকল্পের প্রধান কার্যক্রমে ছয়টি অভয়ারণ্য পরিচালনা এবং প্রায় ৩০ হাজার জেলে পরিবারকে বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, ১০ হাজার জেলেকে বৈধ জাল সরবরাহ করা এবং বিকল্প চাকরিতে ১৮ হাজারকে প্রশিক্ষণ প্রদান অন্তর্ভুক্ত রয়েছে।

পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলাশয়ের পাশাপাশি খাঁচায় মাছ চাষে উদ্বুদ্ধকরণে প্রয়োজনীয় প্রশিক্ষণ, নগদ সহায়তা ও কর্মহীন মৎসজীবিদের মাঝে চাল বিতরণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সূত্র: বাসস