সাতক্ষীরায় নকল প্রসাধনী সন্দেহে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।

বুধবার(২৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল মহোদয় এঁর নির্দেশে এন এস আই এর গোপন তথ্যের ভিত্তিতে সুলতানপুর বড়ো বাজারের ব্যবসায়ী আলমগীর হোসেনের গুদামঘরে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এসময়ে গুদামঘরটি তল্লাশি করে জনসন, ইউনিলিভার, ইন্ডিয়ান কোম্পানির প্রোডাক্টসহ ৬২ প্রকারের প্রায় ৪০৫৬ পিস (প্রায় ৮ লক্ষ টাকা মূল্যমানের) উৎপাদন তারিখ বিহীন, প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

ভেজাল প্রসাধনী সামগ্রীর মালিক আলমগীর হোসেন বলেন, তিনি ঢাকার চকবাজার হতে আমদানি করে এইসব পণ্য স্থানীয় বাজারে সরবরাহ করেন।

গুদামঘর তল্লাশি করে প্যারাসুট ওয়েল, জনসন বেবি লোশনসহ বিভিন্ন কোম্পানির পণ্যের লেবেলিং স্টিকার পাওয়া যায়। যা তিনি বিভিন্ন প্রডাক্টের গায়ে লাগিয়ে সংশ্লিষ্ট কোম্পানির প্রোডাক্ট হিসেবে বিক্রয় করেছেন।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি বেশ কয়েক বছর ধরে এইভাবে ভেজাল প্রসাধনী সামগ্রী বিক্রয় করছিলেন।

উপরিউক্ত কার্যক্রমের দায়ে মোঃ আলমগীর হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারা অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় র‌্যাব-৬ সহায়তা প্রদান করে। জনস্বার্থে এই ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।