আদমদী‌ঘি‌তে কার্লভাট ভেঙ্গে চলাচল বন্ধ

হাবিব শিমুল,আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি ।।

বগুড়ার আদমদীঘিতে কড়ই-বিহিগ্রাম সড়কে চাঁপাপুরের হাজারপুকুর নামক স্থানে সড়কের কার্লভাট ভেঙ্গে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে ওই এলাকার মানুষের দুর্ভোগ চরম আকার ধারন করেছে। কার্লভাট ভেঙ্গে চলাচল বন্ধের প্রায় দুই মাস অতিবাহিত হলেও সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসে নি।

জানা গেছে, প্রায় দুই মাস পূর্বে অতিরিক্ত পরিমান মালামাল বোঝাই ট্রাক্টরের ভারে ওই রিংকার্লভাট দেবে যায়। এর পরও পণ্য বোঝাই ট্রাক্টর মিনি ট্রাক চলাচল করায় আরো দেবে গিয়ে রিং ভেঙ্গে যায়। এরপর থেকে পণ্য ও যানবাহী সিএনজি চালিত অটো, ব্যাটারি চালিত ইজিবাইক ও ভ্যানসহ সব বাহন বন্ধ রয়েছে। অতিরিক্ত পরিমান বোঝাই নিয়ে চলাচল উপযোগী সড়ক না হলেও মিনি ট্রাক ও ট্রাক্টর চালকরা অতিরিক্ত পণ্য বোঝাই করে বেপরোয়া ভারে চলাচল করাই এই দুর্ভোগের কারন বলে জানিয়েছেন এলাকাবাসী।

মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) ওই স্থানে আমন ধানের ক্ষেত পরিচর্যাকারী কৃষক ফুলবর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, জনপ্রতিনিধিরা ভোটের সময় বড় বড় কথা বলে ভোট নিয়ে যান। কিন্তু দুই মাস ধরে হাজারো মানুষ চরম দুর্ভোগ পোহালেও তাদের টিকির সন্ধান মিলছে না। সমস্য সমাধানে এগিয়ে আসছে না কেউ।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমানের সাথে মোবাইল ফোনে সংবাদকর্মী যোগাযোগ করলে তিনি বলেন, সমস্যাটির বিষয়ে উপজেলা পরিষদ এবং প্রশাসন অবগত। তহবিল প্রাপ্তি সাপেক্ষে সমস্যার সমাধান করা হবে।